শাহাদাৎ হোসেন সরকারঃ নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আশুলিয়া থানা কমিটির উদ্যোগে পাঁচ শতাধিক এতিম শিশুর মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। এছাড়া সংগঠনের পক্ষ থেকে এক পরিচিতি সভা ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার নবীনগর এলাকার জয়া রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিসচা আশুলিয়া থানা কমিটির সভাপতি জিএম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন নিসচা আশুলিয়া থানা কমিটির উপদেষ্টা মোহাম্মদ আলী, নিসচা ধামরাই উপজেলা কমিটির সভাপতি নাহিদ ইসলাম, নিসচা আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সহ-সভাপতি শাহাদাত হোসেন সরকার এবং দপ্তর সম্পাদক হৃদয় আহমেদ রাব্বি।
অনুষ্ঠানে সাভার হাইওয়ে থানা পুলিশের সদস্যবৃন্দ ও নিসচা আশুলিয়া থানা কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। বক্তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রয়াসের ওপর জোর দেন এবং ঈদযাত্রায় সাবধানে গাড়ি চালানোর জন্য গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।
