কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বানিয়াগ্রাম বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মরিয়ম আক্তার (৬) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মরিয়ম আক্তার মধ্যপাড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী এবং উপজেলার বানিয়াগ্রাম তেভাগা গ্রামের আনিস মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটির কারণে বিদ্যালয় বন্ধ থাকায় সকালে বাড়ি যাওয়ার পথে বানিয়াগ্রাম বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় কিশোরগঞ্জগামী “অন্যন্যা সুপার” বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় মরিয়ম। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছোট্ট মরিয়মের অকাল মৃত্যুতে স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে গভীর বেদনার সৃষ্টি হয়েছে।
সবার মুখে এখন একটাই কথা—“কলিতেই ঝরে গেল ছোট্ট ফুল”। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ মরিয়মের পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন। আমিন।
