কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মধ্যপাড়া বাজার সংলগ্ন এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার রাতে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে একজন উপজেলার পাঁচগাতিয়া গ্রামের নিশাদ বলে জানা গেছে। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
গুরুতর আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার বিস্তারিত কারণ জানতে তদন্ত চলছে।
