পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সকালে যাত্রীবাহী শাহজাদপুর ট্রাভেলস পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করছিল। পথে শোলাবাড়িয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহণের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে পাঠান। তাদের মধ্যে একজনকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মুস্তাফিজার রহমান আরও জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহত দুজনের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলসের চালক এবং অপরজন মাছরাঙা পরিবহণের হেলপার। গুরুতর আহত ৭ থেকে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
