বগুড়ার শাজাহানপুরে চলন্ত অবস্থায় যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ওই বাসে থাকা যাত্রীরা।
রোববার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার সি ব্লক এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো যাত্রী হতাহত হননি।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামের উদ্দেশে ছেড়ে আসা কুড়িগ্রাম ট্রাভেলস নামের একটি বাস সি ব্লক এলাকা অতিক্রম করার সময় হঠাৎ সেটিতে আগুন ধরে যায়।
খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, প্রাথমিক ধারণামতে বাসটির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, বাসে আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হয়। ফলে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডে বাসটির একটি অংশ পুড়ে গেছে।
দুর্ঘটনার সময় বাসটিতে কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। বর্তমানে ওই রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
