মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় একটি তেলবাহী ট্রাক পদ্মা নদীতে পড়ে যায়। বুধবার (১১ মার্চ) রাতে শাহ মাখদুম ফেরি থেকে নামানোর সময় নিয়ন্ত্রণ হারায় এবং ঘাটের র্যাম্প থেকে সরাসরি নদীতে পড়ে যায়।
ট্রাকের চালক শরিফুল ইসলাম সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি এলাকার নোকালী গ্রামের বাসিন্দা।
ঘটনার পর মুহূর্তের মধ্যে ফেরিঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও ঘাট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ডুবুরি দল ট্রাকের চালক মো. শরিফুল ইসলামকে জীবিত উদ্ধার করে। তাকে আহত অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নবগ্রাম ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর নাদির হোসেন জানান, নদীর ওই স্থানে প্রায় ৪০ থেকে ৫০ ফুট গভীরতা থাকায় ট্রাকটি তলিয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্যক্রম চালিয়ে চালককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।
