গাজীপুরের কালীগঞ্জ উপজেলার টঙ্গী–কালীগঞ্জ–ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কের বালীগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিগ্যান মোল্লা জানান, সকালে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ঘোড়াশালের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হন এবং আরও চারজন আহত হন।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত দুইজনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া একজনকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার নির্দেশ দেওয়া হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাবেদ কাউসার জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং তাদের উন্নত চিকিৎসা প্রয়োজন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে নিহত ও আহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
