মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে নিয়ন্ত্রণ হারানো একটি মাদকবাহী প্রাইভেটকার সোজা ঢুকে পড়েছে ঘরের ভেতরে। এতে দেয়াল চাপা পড়ে আহত হয়েছেন গৃহকর্তা আরশাদ আলী।
বুধবার ভোর ৫টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় গাড়ি থেকে দেড় কেজি গাঁজাসহ অনিক হোসেন বিপ্লব নামে এক মাদক পাচারকারীকে আটক করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্য, তেরঘরিয়া সড়কের পাশে আরশাদ আলীর বাড়ি। ভোরে পরিবারের সবাই যখন গভীর ঘুমে, তখন দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় বাড়ির দেয়ালে। মুহূর্তেই দেয়াল ভেঙে গাড়িটি ঢুকে পড়ে ঘরের ভেতরে।
ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আহত হন গৃহকর্তা। দুর্ঘটনার পর গাড়িটি উল্টে সড়কের ওপর পড়ে যায়। বিকট শব্দে ঘুম ভেঙে ছুটে আসেন আশপাশের মানুষ। তারা চালককে ধরে ফেলেন এবং গাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়।
রামদাসপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অনুপ কুমার দাস জানান, সীমান্ত এলাকা থেকে গাঁজা বহন করে দ্রুতগতিতে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। ঘটনাস্থল থেকে গাঁজা ও গাড়িসহ বিপ্লবকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক পাচারের মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে।
