ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় মো. নয়ন আহমেদ (২৭) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে ভালুকার সীমান্ত ফুলবাড়িয়ার উপজেলার জোরার ব্রিজ এলাকায় ভরাডোবা-সাগরদীঘি সড়কে এ ঘটনা ঘটে।
নিহত মো. নয়ন আহমেদ ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাঠাঁলী এলাকার আরফান শেখের ছেলে। তিনি ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে শাহাদাত শাকিল নামের একজনকে সঙ্গে নিয়ে ফুলবাড়িয়া এলাকা থেকে মোটরসাইকেলে করে ভালুকায় যাচ্ছিলেন নয়ন আহমেদ। রাত সাড়ে ১০টার দিকে ভালুকা-ফুলবাড়িয়া সীমান্তে জোরার ব্রিজ এলাকা পর্যন্ত আসতেই ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলটি দুর্ঘটনা কবলিত হয়।
এতে নয়ন আহমেদ ঘটনাস্থলেই নিহত ও তার সহযাত্রী শাকিল আহত হন। আহত শাকিলকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ফুলবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নয়ন আহমেদ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
