জয়পুরহাটের আক্কেলপুরে কানে হেডফোন লাগিয়ে রেললাইনের উপর দিয়ে হাঁটার সময় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রিমন হোসেন (২১) নামে এক যুবকের।
বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার হালির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিমন আক্কেলপুর উপজেলার হালির মোড় এলাকার বাবু হোসেনের ছেলে। তিনি ওই এলাকার একটি পোলট্রি খামারে শ্রমিকের কাজ করতেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকালে রিমন কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। ওই সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ঢাকাগামী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
স্থানীয়রা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানায়। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিমনের লাশ উদ্ধার করে।
রেলওয়ে পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
