আনোয়ার হোসেন রাজু, মালদ্বীপ প্রতিনিধি: ব্যবসায়িক উৎকর্ষতা, সামাজিক দায়বদ্ধতা ও সাংস্কৃতিক অঙ্গনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ “গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড-২০২৫”-এ সম্মানিত হয়েছেন মালদ্বীপ প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাদিউল ইসলাম।
মঙ্গলবার (৫ মে) রাজধানী ঢাকার অভিজাত হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় “গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড-২০২৫” প্রদান অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এবং সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ দেশের বিভিন্ন অঙ্গনের প্রথিতযশা ব্যক্তিবর্গ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান ডা. আরিফুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল, নতুনধারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান, বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমীন, এনটিভির পরিচালক আলহাজ নুরুদ্দিন আহমেদসহ ব্যবসা, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকার। বক্তব্য রাখেন ট্রাব সভাপতি সালাম মাহমুদ, সহ-সভাপতি সুজন দে, সাংগঠনিক সম্পাদক হাফিজ রহমান এবং উদযাপন কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়াত সঙ্গীতশিল্পী বশির আহমেদ এবং বাংলাদেশের বিউটি শিল্পের অগ্রদূত প্রয়াত আলী আহমেদকে মরণোত্তর সম্মাননায় ভূষিত করা হয়।
একই আয়োজনে অর্থনীতি, শিল্প, ব্যবসা, সংস্কৃতি, সাংবাদিকতা ও গণমাধ্যমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিশিষ্ট ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় মালদ্বীপ প্রবাসী উদ্যোক্তা এইচ আর ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হাদিউল ইসলামকে তাঁর বহুমাত্রিক ব্যবসায়িক সাফল্য, মানবকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে উল্লেখযোগ্য অবদানের জন্য “গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড-২০২৫”-এ ভূষিত করা হয়।
