নিহত রবিউল ইসলাম রাজশাহী জেলার মো. সোহেল মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মো. সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঈদের নামাজ শেষে পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কাকলি নিবাসের সামনে সহপাঠীদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন রবিউল।
এ সময় ওপর দিয়ে যাওয়া একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে নিচে পড়ে যায়। তারের সংস্পর্শে এসে রবিউল বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায় এবং মুখমণ্ডল বিকৃত হয়ে পড়ে।
পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরো তিনজন আহত হন। আহতদের প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরেকজন বর্তমানে তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ মজুমদার।
