সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনে ২০১৩ সালে বালু ও ময়লার ট্রাক দিয়ে অবরুদ্ধ করার ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে (৪ অক্টোবর) কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মো. শরীফুল ইসলাম বাদী হয়ে গুলশান থানায় মামলাটি করেছেন।
থানা সূত্রে জানা গেছে, মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও উল্লেখযোগ্য আসামিরা হলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক ডিএমপি কমিশনার ও আইজিপি একে এম শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক এসবি প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান কর্মকর্তা এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, খালেদা জিয়াকে মার্চ ফর ডেমোক্রোসি কর্মসূচিতে যেতে না দেওয়া এবং বাসভবনের সামনের দুই পাশের রাস্তায় বালুর ট্রাক দিয়ে বাধা সৃষ্টি করা ও তাকে হত্যার চেষ্টা করার বিষয়ে দলের পক্ষ থেকে গুলশান থানায় এজাহার দাখিল করা হয়েছে।
