আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে মো. আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
মো. আমিনুল ইসলাম বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবী এবং বিডিআর বিদ্রোহ মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর ওই অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে অন্তর্বর্তী সরকার।
এরপর ওই বছরের ৫ সেপ্টেম্বর তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।
সোমবারের আদেশে তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে আমিনুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়।
আমিনুল ইসলাম ১৯৯৩ সালের ২৭ মে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে এবং ২০২১ সালের ৩০ ডিসেম্বর আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
