রাজবাড়ীর দৌলতদিয়া ৩নং ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসডুবির ঘটনায় নিবন্ধন স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক মুহাম্মদ অহিদুর রহমান একপত্রে এ নির্দেশ দিয়েছেন।
পত্রে বলা হয়েছে, সৌহাদ্য পরিবহনের ব্যানারে পরিচালিত রাজবাড়ী-ব-১১-০০২৪ নং মোটরযানটি গত ২৫ মার্চ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৩ নং ফেরীঘাটে বিকাল সোয়া ৫টায় ফেরী ঘাটের পল্টুন থেকে ফেরীতে উঠার সময় নদীতে পড়ে যায়। এ দুর্ঘটনায় সর্বশেষ উদ্ধার অভিযানের প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৫ জন যাত্রী আহত হয়েছে। রাজবাড়ী সার্কেলের মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন।
এ অবস্থায় সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ২৪ ও সড়ক পরিবহন বিধিমালা ২০২২-এর ৪৬ ও ৪৭ বিধি অনুযায়ী রাজবাড়ী-ব-১১-০০২৪ নং মোটরযানের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করা হলো এবং মোটরযানটির নিবন্ধন সনদ, ট্যাক্সটোকেন, ফিটনেস সনদ, রুটপারমিট সনদ ও মোটরযানের চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী ৩ কর্মদিবসের মধ্যে কার্যালয়ে হাজির হয়ে মোটরযানটির নিবন্ধন কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না? এই মর্মে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করা হয়েছে।
অন্যথায়, রাজবাড়ী-ব-১১-০০২৪ নং মোটরযানের রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করাসহ মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
