টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর চলছে। আগামীকাল থেকে শুরু হবে সেমিফাইনালের লড়াই। কলকাতার ইডেন গার্ডেনে আগামীকাল প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
সেমিফাইনালে ওঠা চারটি দল অতীতে শেষ চারে খেলেছে।
ভারত
এবারসহ মোট ছয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ভারত। আগের পাঁচবারের তিনবারই ফাইনালে উঠে দুবার চ্যাম্পিয়ন হয়েছে দলটি। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ও ২০২৪ সালে সর্বশেষ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত।
ইংল্যান্ড
টানা পঞ্চমবার ও সব মিলিয়ে ষষ্ঠবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ইংল্যান্ড। ২০১০ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ইংল্যান্ড শেষ চার পেরিয়েছে তিনবার।
নিউজিল্যান্ড
পঞ্চমবার টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠল নিউজিল্যান্ড। আগের চারবারের মধ্যে মাত্র একবারই শেষ চার পেরোতে পারে কিউইরা। ২০২১ সালের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে রানার্সআপ হয়।
দক্ষিণ আফ্রিকা
চতুর্থবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। ২০০৯ বিশ্বকাপের সেমিফাইনালে তারা হারে পাকিস্তানের কাছে। এরপর ২০১৪ আসরের সেমিফাইনালে প্রোটিয়ারা হারে ভারতের বিপক্ষে। ২০২৪ সালে সর্বশেষ আসরে সেমিফাইনাল বাধা পেরোলেও ফাইনালে ভারতের কাছে হারে দক্ষিণ আফ্রিকা।