বগুড়া শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামের দায়িত্ব আবারও গ্রহণ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বিসিবি ঘোষণা দেয়, তারা আবারও বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামটি টেকওভার করবে। সে সিদ্ধান্ত অনুসারে আজ বিসিবি কর্মকর্তারা স্টেডিয়ামটির দায়িত্ব বুঝে নিলো।
জানা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক পত্রের মাধ্যমে গত ১ মার্চ বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে জনবলসহ মালামাল গুটিয়ে নেয়। ২ মার্চ বগুড়ার সকল কর্মচারিকে বদলি এবং বগুড়ায় থাকা বিসিবির সকল সরঞ্জামাদি ট্রাকে করে ঢাকায় নেয়া হয়।
বিসিবি থেকে প্রেরিত ওই চিঠিতে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা থেকে অসহযোগিতার অভিযোগ তোলা হয়েছিলো। তবে সে অভিযোগকে অমূলক বলে পাল্টা দাবি জানিয়েছিল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন।
এসব ঘটনাকে কেন্দ্র করে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলনসহ অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।
আলোচনার এক পর্যায়ে ৮ এপ্রিল শনিবার দুপুরে মিরপুর স্টেডিয়ামে বৈঠক হয়। সেই বৈঠক থেকে বগুড়ায় বিসিবির ভেন্যু হিসেবে বহাল থাকা, বগুড়া স্টেডিয়ামের উন্নয়ন, জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া প্রতিযোগিতায় সহযোগিতা করাসহ বগুড়ায় ক্রিকেটের আরো উন্নয়নে ভূমিকা রাখার কথা বলা হয়। বিসিবির সকল ইভেন্ট বগুড়ায় আরো ভালোভাবে আয়োজন করার কথাও বলা হয়।
