বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে। মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন প্রধান নির্বাচক ও সহকারী নির্বাচক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ লক্ষ্যে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন আহ্বান করা হয়।
গত ৮ মার্চ এ পদগুলোর জন্য আবেদনের সময়সীমা শেষ হয়। বিসিবি সূত্রে জানা গেছে, প্রধান ও সহকারী নির্বাচক পদে মোট ১৬ জন আবেদন করেছেন। বৃহস্পতিবার বিসিবির পক্ষ থেকে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়।
সাক্ষাৎকার শেষে প্রধান নির্বাচক পদে এগিয়ে রয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক হাবিবুল বাশার সুমন। সবকিছু ঠিক থাকলে তিনিই হতে পারেন জাতীয় দলের নতুন প্রধান নির্বাচক।
অন্যদিকে সহকারী নির্বাচক পদে আলোচনায় রয়েছেন তুষার ইমরান ও নাইম ইসলাম। বিসিবির পছন্দের তালিকায় এই দুই সাবেক ক্রিকেটারের নাম থাকলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এ দৌড়ে কিছুটা এগিয়ে আছেন নাইম ইসলাম।
সাক্ষাৎকার বোর্ডে বিসিবির চার পরিচালক—ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, নাজমুল আবেদিন ফাহিম ও আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ডের আরও একটি বৈঠক হতে পারে বলে জানা গেছে। এরপরই নতুন নির্বাচক প্যানেল সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
