বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। মাসখানেকের বেশি সময় ধরে দায়িত্বে আছেন তিনি। এ সময় নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে এর কৃতিত্ব নিতে নারাজ তামিম।
বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘টিম ম্যানেজমেন্ট দারুণ করছে। এখানে আমার অবদান নেই। দল নিয়ে আমার ইনপুট নেই, মাথাও ঘামাই না। মাঠে যারা জড়িত সব কৃতিত্ব তাদের। কোচ, সাপোর্ট স্টাফ, খেলোয়াড় সবাই। ক্রিকেট অপারেশন্সের ম্যানেজার… এটা তাদের সাফল্য। কৃতিত্ব তাদেরই পাওয়া উচিৎ।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে আমি কোনো মতামত দিই না বা এসব নিয়ে মাথা ঘামাই না। আমার দায়িত্ব ভিন্ন এবং ওগুলোই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’
আগামী মাসে অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন সময়ে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে কোনো সমস্যা হবে বলে মনে করছেন না তামিম। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া আমাদের অতিথি। অস্ট্রেলিয়া ক্রিকেট দল আসবে এবং উনারা তাদের কাজগুলো করবেন, নির্বাচন নির্বাচনের মতো হবে। আমার কাছে মনে হয় না এটাতে বেশি সমস্যা হবে।’
