কাবুলের একটি পুনর্বাসন কেন্দ্রে ভয়াবহ বিমান হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবেগঘন বার্তা দিয়েছেন আফগানিস্তানের স্পিনার আল্লাহ গজনফর। পাকিস্তান ও আফগানিস্তানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সংঘাতের ভয়াবহ প্রভাব নিয়েও কথা বলেন তিনি।
পাকিস্তানের অন্যতম প্রাণঘাতী বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আফগান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, হামলাটি একটি মাদকাসক্তদের পুনর্বাসন হাসপাতালে আঘাত হানে এবং দুই হাজার শয্যার এই প্রতিষ্ঠানের বড় অংশ ধ্বংস হয়ে যায়। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে।
গজনফর বলেন, এই হাসপাতালটি বহু মানুষের সহায়তার জায়গা ছিল এবং এমন হামলা সাধারণ মানুষের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনে।
তিনি বলেন, ‘সেখানে মানুষের চিকিৎসার জন্য টাকা নেই। আর এখন সেই জায়গাটিকেই লক্ষ্যবস্তু করা হয়েছে; সেখানে থাকা মানুষদের হত্যা করা হয়েছে। এটি আফগানিস্তানের জনগণ মেনে নিতে পারে না।’
তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এর পেছনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন।
তিনি বলেন, ‘তারা কী প্রমাণ করতে চায়, আমি জানি না। তারা এসে সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করছে—এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আফগানিস্তান এটি গ্রহণ করবে না।’
গজনফর সতর্ক করে বলেন, ‘আফগানিস্তানের ইতিহাস সবাই জানে। যদি সেই ইতিহাস আবার ফিরে আসে, তাহলে পাকিস্তানের জন্য তা খুবই খারাপ হবে।’
আসন্ন একটি বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসরে মুম্বাইয়ের একটি দলের হয়ে খেলার কথা রয়েছে এই স্পিনারের। তিনি বক্তব্যের শেষ দিকে বলেন, ভারত আফগানিস্তানের ঘনিষ্ঠ বন্ধু এবং এই সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের একসঙ্গে এগিয়ে আসা প্রয়োজন।
তিনি বলেন, ‘ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরা তাদের সঙ্গে এসব বিষয়ে আলোচনা করতে চাই, যেন এমন ঘটনা আর না ঘটে। অন্যান্য দেশগুলোর কাছেও আমাদের একই আহ্বান—এটি মানুষের জন্য ভালো নয়। বর্তমানে বিশ্ব নানা চ্যালেঞ্জের মধ্যে আছে, এমন পরিস্থিতি কারও জন্যই ভালো নয়।’
