ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মার হাতঘড়ি নেওয়ার চেষ্টা করছেন দুই তরুণ ভক্ত। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদিও ঘটনাটির সময় ও স্থান এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবুও এটি তারকা ও ভক্তদের সম্পর্কের সীমারেখা নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাড়ির পেছনের আসনে বসে বাইরে থাকা ভক্তদের দিকে হাত নাড়ছিলেন রোহিত। শুরুতে বিষয়টি স্বাভাবিক ও আনন্দঘন মনে হলেও পরে পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে। দুই তরুণ খুব কাছাকাছি চলে এসে রোহিতের হাত ধরার চেষ্টা করেন। তাদের একজনকে তার হাতঘড়ি খুলে নেওয়ার চেষ্টাও করতে দেখা যায়।
পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত গাড়ির কাচ তুলে দেন রোহিত এবং ইশারায় ওই তরুণদের সরে যেতে বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করেছেন, রোহিতের হাতে থাকা ঘড়িটি ছিল একটি বিলাসবহুল ‘রোলেক্স জিরাফ’ মডেল, যার মূল্য প্রায় ৩ কোটি ২৫ লাখ রুপি হতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।
অন্যদিকে মাঠের খেলায় দারুণ ছন্দে রয়েছেন রোহিত শর্মা। চলতি আসরে মুম্বাইয়ের হয়ে সম্প্রতি লখনৌর বিপক্ষে মাত্র ৪৪ বলে ৮৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ভর করেই ২২৯ রানের বড় লক্ষ্য সহজেই পেরিয়ে যায় দল।
ম্যাচ শেষে রোহিতের প্রশংসা করেন তার সতীর্থ রায়ান রিকেলটন।
তিনি বলেন,‘তিনি মুম্বাইয়ের অন্যতম সেরা, ভারতেরও অন্যতম সেরা ক্রিকেটার। তার সঙ্গে ব্যাট করতে সবসময় ভালো লাগে। এখানকার উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল। আমরা একে অন্যকে সহযোগিতা করে ঠিক সময়ে বোলারদের চাপে রাখতে পেরেছি।’
তবে জয় পেলেও কঠিন সময় পার করছে মুম্বাই। এখন পর্যন্ত ১০ ম্যাচের মধ্যে ৭টিতেই হেরেছে দলটি। ফলে শেষ চারে ওঠার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। তবুও লখনৌর বিপক্ষে জয়টি তাদের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করা হচ্ছে। আগামী শনিবার বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে মুম্বাই।
