সংযুক্ত আরব আমিরাতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিলেন মোহম্মদ জোহাইব। আসর চলাকালে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। সেই কারণে দল থেকে সরিয়ে তাকে দেশে পাঠানো হয়েছে।
তবে এ বিষয়ে এখন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। বোর্ডের সূত্রের বরাতে এই খবর প্রকাশ করেছে একাধিক ভারতীয় গণমাধ্যম।
জোহাইবের বিরুদ্ধে মদ্যপান ও নারীঘটিত উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ উঠেছে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের মাঝেই এমন আচরণকে দলের শৃঙ্খলাবিরোধী হিসেবে দেখা হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে তদন্তও করা হবে বলে জানা গেছে।
২৮ বছর বয়সী এই ব্যাটার আমিরাতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০টি ম্যাচ খেলেছেন। টি-টোয়েন্টিতে তিনি নিয়মিত মুখ। বিশ্বকাপের মতো মঞ্চে তার অনুপস্থিতি নিশ্চিতভাবেই ভুগাবে দলকে।
