নারায়ণগঞ্জে একটি ফ্ল্যা বাসার টয়লেট থেকে নাহার ইতি নামের এক নারীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরের আমলাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আমলাপাড়া এলাকায় ওই ভবনে ‘পরী বিউটি পার্লার’ পরিচালনা করতেন ইতি। বিউটিশিয়ান ইতি ফতুল্লা থানার মাসদাইর এলাকার বাসিন্দা। গত ২৭ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। এই ঘটনায় ইতির ভাই আলিফ ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সর্বশেষ তার পরিচালনাধীন বিউটি পার্লার থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ক্ষত-বিক্ষত মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতির স্বামী সেন্টুকে আটক করা হয়েছে।
নিহত কামরুন নাহার ইতির বোন লাকী বলেন, গত ২৮ জানুয়ারি থেকে ইতি নিখোঁজ ছিল। শুক্রবার দুপুরে পার্লারটি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে বাড়ির মালিক পুলিশ ও আমাদের খবর দেয়। পরে আমরা পুলিশ নিয়ে পার্লারের দরজার তালা ভেঙ্গে টয়লেটের ভেতরে ইতির লাশ দেখতে পাই।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল হালিম বলেন, বিউটিশিয়ান ইতি ফতুল্লা থানার মাসদাইর এলাকার বাসিন্দা। গত ২৭ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় ইতির ভাই আলিফ ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। মরদেহ উদ্ধারের ঘটনায় ইতির স্বামীকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
