স্কুলড্রেস পরে মসজিদের ভেতরে গানের সঙ্গে নেচে টিকটক ভিডিও তৈরির অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে বিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করে। বহিষ্কৃত শিক্ষার্থী ওই বিদ্যালয়ের নবম (ভোকেশনাল) শ্রেণির ছাত্রী।
জানা গেছে, কিছুদিন আগে ওই শিক্ষার্থী স্কুলড্রেস পরা অবস্থায় একটি মসজিদে গিয়ে টিকটক ভিডিও তৈরি করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই কর্মকাণ্ডে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মশিহুর রহমান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি বলেন, “আমরা চাই আমাদের শিক্ষার্থীরা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক। বিদ্যালয়ের সুনাম ও পরিবেশ রক্ষার দায়বদ্ধতা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন অন্য শিক্ষার্থীরা এমন কাজ না করে, সে জন্য এটি একটি বার্তা।”
বহিষ্কারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ওই শিক্ষার্থীর বাবা সাজু মিয়া। তিনি বলেন, “আমার মেয়ে না বুঝে ভুল করেছে। তার জন্য স্কুল থেকে বের করে দেওয়া উচিত হয়নি। এটি তার জীবনে কলঙ্ক হয়ে থাকবে।” এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক সহপাঠীও এই সিদ্ধান্তকে কঠোর বলে মন্তব্য করেছে।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন জানান, বহিষ্কারের বিষয়টি তাকে জানানো হয়নি। তিনি বলেন, “ফেসবুকের মাধ্যমে বিষয়টি জেনেছি। একজন শিক্ষার্থীকে স্কুল থেকে এভাবে বহিষ্কার করা ঠিক হয়নি, বরং তাকে বোঝানো উচিত ছিল। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
