ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে আব্দুলা আল মামুন (২৯) নামের এক যুবকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুলা আল মামুন পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি আব্দুলা আল মামুন নিজের Abir Al Abdullah নামের ফেসবুক আইডি থেকে এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এমপি, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর অশালীন ও ব্যাঙ্গাত্মক ছবি তৈরি করে আপত্তিকর মন্তব্য সহকারে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।
এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদের ছবি এআই দ্বারা বিকৃত করে অখণ্ড ভারতের নেতা ও ভারতের গোলাম মন্তব্য সহকারে সাম্প্রদায়িক ঘৃণামূলক ও জাতিগত বিদ্বেষমূলক ফেসবুক পোস্টসহ অন্যান্য আপত্তিকর পোস্ট করেন।
বিষয়টি নজরে আসার পর উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ সোমবার গভীর রাতে আব্দুলা আল মামুনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বলেন, অভিযোগের প্রেক্ষিতে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের ফেসবুক প্রোফাইল পর্যালোচনায় অশালীন, ব্যাঙ্গাত্মক ছবি তৈরি, আপত্তিকর বিভিন্ন পোস্টের প্রমাণ পাওয়া গেছে। আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
