কুমিল্লায় পেটের ভেতরে করে ইয়াবা পাচারকালে আব্দুল হাকিম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হাইওয়ে থানা পুলিশ।
সর্বশেষ শনিবার (১১ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে এদিন ভোরে পায়ুপথে বিশেষ কায়দায় ইয়াবা লুকিয়ে পাচারের সময় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আব্দুল হাকিম কক্সবাজারের টেকনাফ উপজেলার দেলার ২৪ নম্বর ক্যাম্পের মৃত আলী আকবরের ছেলে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক পাচারকারী আব্দুল হাকিম শনিবার ভোরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার চক্ষু হাসপাতালে গলির মুখে মহাসড়কের ঢাকামুখী লেনের পাশে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিল। এসময় পুলিশ সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে দেহ তল্লাশি করে। পরে তার পেটে চাপ দিলে সে পুলিশকে জানায়, তার দেহের অভ্যন্তরে অভিনব কায়দায় ইয়াবা লুকায়িত আছে। পরে তাকে একটি টয়লেটে নিয়ে গেলে সে নিজেই তার পায়ুপথে স্কচটেপ মোড়ানো ২৪টি গোলাকার প্যাকেটে ১২০০ ইয়াবা বের করে আনে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আবুল বাশার জানান, গ্রেপ্তার ওই মাদক কারবারি টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট কিনে অভিনব কায়দায় তার মলদ্বার দিয়ে পেটে ঢুকিয়ে অজ্ঞাতনামা বিভিন্ন বাসে করে ঢাকা যাওয়ার চেষ্টা করছিল। কুমিল্লায় নেমে অন্য একটি বাসের জন্য সে অপেক্ষা করছিল। তার বিরুদ্ধে মাদক আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
