রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান ও ব্লক রেইড পরিচালনা করে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (১৪ মার্চ) রাতে ডিবি ও থানা-পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
ডিবি সূত্রে জানা যায়, রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত মতিঝিল বিভাগের মতিঝিল জোনাল টিম এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম পল্টন থানাধীন জাতীয় ফুটবল স্টেডিয়ামসংলগ্ন এরশাদ রোড এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ১৫ জনকে গ্রেপ্তার করে। পরে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ১১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুজনকে অব্যাহতি দেওয়া হয়।
এদিকে রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামপুর ও রূপনগর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ৪০ জনকে গ্রেপ্তার করে ডিএমপি। এর মধ্যে যাত্রাবাড়ী থানার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করে।
অন্যদিকে মধ্যরাতে ডিবি ওয়ারী বিভাগের একটি দল শ্যামপুর থানার আইজি গেটসংলগ্ন মেহেন্দীবাড়ী ফার্নিচার গলি এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম, মাদক সেবনের উপকরণ এবং নগদ ২০ হাজার ৩০৬ টাকা উদ্ধার করা হয়।
এ ছাড়া রূপনগর থানার পুলিশ সোমবার (১৫ মার্চ) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
এদিকে রাজধানীর বিমানবন্দর থানার কাওলা রেললাইন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি সূত্রে জানা যায়, কাওলা টু এয়ারপোর্টগামী রেলগেটসংলগ্ন রেললাইন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
