দুই বছর আগে গোপনে বিয়ে করে ট্যাক্সিক্যাব চালক মিজানুর রহমান সুমন ও বিলকিস আক্তার। কয়েক মাস ভালোই চলে সংসার। ততদিনও বিলকিস জানতেন না, সুমনের স্ত্রী-সন্তান রয়েছে। এদিকে রাইড শেয়ারে টেক্সিক্যাব চালিয়ে দুই সংসার চালাতে হিমশিম খাচ্ছিল সুমন।
এর মধ্যে তার কাছে কিছু টাকা চাইতে থাকেন বিলকিস। এ নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। এক পর্যায়ে বিলকিসকে হত্যার পরিকল্পনা করে সুমন।
পরিকল্পনা অনুযায়ী রাজধানীর পূর্বাচলে বেড়াতে নিয়ে গিয়ে তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয়। পরদিন হাসপাতালে মৃত্যু হয় দগ্ধ বিলকিসের। এ ঘটনায় মামলার পর গত মঙ্গলবার গাজীপুরের বাসন এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করে র্যাব।
গতকাল বুধবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ। সুমনের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। বিলকিসের বাড়ি ফরিদপুরের চরভদ্রাসনে।
