ঢাকার নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল ইসলাম মিঠুন (৩৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে উপজেলার আগলা ইউনিয়নের ছাতিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আগলা ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত কামরুল ইসলাম মিঠুন ছাতিয়া গ্রামের কিম্মত আলীর ছেলে।
মিঠুনের বড় ভাই আকতার হোসেন বলেন, ১৫/১৬ দিন আগে তাদের পালের গরু স্থানীয় হান্নান ও বোরহানদের জমির ঘাস খেয়ে ফেলেছিল। এই নিয়ে মারামারি হওয়ার পর ওরা আমাদের নামে অভিযোগ করেছে।
সেই ঘটনার জেরে আমার ভাইকে ডেকে নিয়ে নান্নু মেম্বারের নেতৃত্বে নির্মমভাবে হত্যা করেছে হান্নান, বোরহানও তাদের সহযোগিরা।
নিহতের বোন ইয়াসমিন দাবি করেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্থানীয় বিপ্লব নামে আরেক যুবক তার ভাইকে ফোন দিয়ে ডেকে নিয়ে যায়। এরপর টেঁটা ও যুতি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে চূড়াইন বিলে ফেলে রাখে।
খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা নেওয়ার পথে মারা যায় মিঠুন। এরপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিডফোর্ট হাসপাতালে পাঠায় পুলিশ।
নবাবগঞ্জ থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় ইউপি সদস্য মো. নান্নুকে আটক করা হয়েছে। নিহতের পরিবার একটি অভিযোগ দিচ্ছে। অভিযোগ পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
