বাগেরহাটের চিতলমারীতে জুস কেনাকে কেন্দ্র করে মো. মুজাহিদুল ইসলাম (৪০) নামে এক দোকানদারকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হিজলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবকের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। নিহত মুজাহিদুল ইসলাম হিজলা গ্রামের ছরোয়ার মোল্লার ছেলে। অভিযুক্ত বাইজিদ একই গ্রামের বাদশা শেখের ছেলে।
পুলিশ জানিয়েছে, সকালে মুজাহিদুল ইসলামের দোকানে জুস কেনাকে কেন্দ্র করে বাইজিদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত বাইজিদ হঠাৎ কাচি দিয়ে মুজাহিদুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত বাইজিদের বাড়িঘরে ভাঙচুর চালায় এবং তাকে আটক করে গণপিটুনি দেয়।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় বাইজিদকে উদ্ধার করে হেফাজতে নেয়। ঘটনার বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
