ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
বুধবার বিকেলে উপজেলার চেংমারী গ্রামে মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন রাজুর বাসায় অভিযান চালিয়ে মাদকসহ তার স্ত্রী সুলতানা শিল্পীকে (৪০) গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক হারুন অর রশিদ।
তিনি বলেন, দীর্ঘদিন ধরেই রাণীশংকৈল উপজেলায় মাদক ব্যবসা করে আসছেন দেলোয়ার হোসেন ও তার স্ত্রী সুলতানা শিল্পী।
এমন খবর পেয়ে আজ বুধবার রাণীশংকৈল উপজেলার চেংমারী গ্রামে তাদের বাসায় অভিযান পরিচালনা করে আমাদের একটি টিম। এ সময় তাদের বাসা তল্লাশি করা হলে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক দশ লাখ টাকা।
তিনি আরও বলেন, পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারায় দেলোয়ার হোসেন রাজু ও তার স্ত্রী সুলতানা শিল্পীর নামে একটি মামলা দায়ের করা হয়। সেইসঙ্গে গ্রেফতার নারী মাদক ব্যবসায়ীকে রাণীশংকৈল থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়। তবে অভিযানের সময় বাসায় না থাকায় দেলোয়ারকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
