চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শহিদুল ইসলাম ঢালি (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও দুই নারী। ইতোমধ্যে পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামে শহিদুল ইসলামের ছোট ভাই শাহিন ইসলাম ঢালী নিজ জমিতে প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। এতে তার চাচাতো ভাইদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। প্রতিপক্ষ প্রাচীর ভেঙে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বিষয়টি মীমাংসার জন্য শহিদুল ইসলাম ঘটনাস্থলে গেলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়। এতে তিনি মাথায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন বুধবার রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত শহিদুল মুক্তারপুর গ্রামের মাঝেরপাড়ার বাসিন্দা ও মওলা বক্স ঢালীর ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন এবং দুই ছেলে ও এক মেয়ের জনক। এ ঘটনায় শিল্পী খাতুন ও আরবি খাতুন নামে আরও দুজন আহত হয়েছেন। তারা বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শহিদুল ইসলাম গুরুতর আহত হয়ে পরে মারা যান। এ ঘটনায় আগেই একটি মামলা দায়ের করা হয়েছে এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
