পঞ্চগড়ের দেবীগঞ্জে বিশেষ অভিযানে ৮৭ লাখ টাকা মূল্যমানের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র্যাব। এসময় সুজন মহন্ত (৩৫) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এসব তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার সুজন মহন্ত খগেরহাট এলাকার বাসিন্দা।
র্যাব-১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার (১ এপ্রিল) বিকেলের দিকে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের খগেরহাট এলাকায় র্যাব-১৩, নীলফামারী ক্যাম্পের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ২৯ কেজি ওজনের ৩১ ইঞ্চি দৈর্ঘ্য ও ১৩ ইঞ্চি প্রস্থের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। উদ্ধার মূর্তির আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৭ লাখ টাকা বলে জানায় র্যাব।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন উদ্ধারকৃত মূর্তি প্রতিবেশী দেশে পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করার কথা জানান। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ গ্রেফতার সুজনকে দেবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
