চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্পে সরকারি আদেশ অমান্য করে বিশৃঙ্খলার দায়ে দুই যুবককে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রমমাণ আদালত। তাছাড়া আরও একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে সদর উপজেলার ‘ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে’ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী।
এতে সাজাপ্রাপ্ত দুজন হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার মানিকদিহি গ্রামের জহিরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২০) ও আব্বাস উদ্দিনের ছেলে মারুফ বিল্লাহ (২০) এবং অর্থদণ্ডে দণ্ডিত নাঈম ইসলাম(২৯) পৌর এলাকার সাতগাড়ির বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তারা তিনজন পেট্রোল সংগ্রহের জন্য ওই ফিলিং স্টেশনে এসেছিলেন। লাইনে দাঁড়ানো নিয়ে একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারা মারামারি শুরু করে।
এসময় তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে বসানো হয়। এসময় ঘটনাস্থলের সিসিটিভি ফুটে পর্যবেক্ষণ করে তাদের শাস্তির আদেশ দেওয়া হয়। এতে আশরাফুল ইসলাম ও মারুফ বিল্লাহকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং চুয়াডাঙ্গা পৌর এলাকা সাতগাড়ির নাঈম ইসলামকে এক হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী বলেন, সরকারি আদেশ অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তিন যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। জেলার প্রতিটি পেট্রোল পাম্পে জেলা প্রশাসনের তদারকি চলমান রয়েছে।
