হবিগঞ্জ সদর উপজেলায় রুবিনা আক্তার (২৫) নামে এক নারীর মুখে এসিড নিক্ষেপ করার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামী উজ্জল মিয়ার (২৮) বিরুদ্ধে। এতে মারাত্মকভাবে ঝলসে গেছে তার নারীর মুখমণ্ডল। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা জাতীয় বার্ণ ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রুবিনা আক্তার বড় বহুলা এলাকার বাসিন্দা এবং স্থানীয় ‘প্রাণ’ কোম্পানির একজন শ্রমিক। অভিযুক্ত উজ্জল মিয়া আনন্দপুর গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে।
পুলিশ জানায়, উজ্জল মিয়ার সঙ্গে গত দুই বছর আগে বিয়ে হয় রুবিনার। কিন্তু পারিবারিক কলহের জেরে প্রায় ছয় মাস আগে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ (তালাক) হয়। তাদের দুই সন্তান বর্তমানে উজ্জল মিয়ার কাছে রয়েছে। এরপরও উজ্জল তার পিছু ছাড়েনি।
বিভিন্ন সময়ে রাস্তাঘাটে আসা যাওয়ার পথে এবং তার কর্মস্থলে গিয়েও রুবিনাকে উত্যক্ত করতো উজ্জল।
বৃহস্পতিবার রাতে কোম্পানি থেকে কাজ শেষে প্রতিদিনের মতো বাড়ি ফিরছিলেন রুবিনা। তিনি বড় বহুলা এলাকায় নিজ বাড়ির কাছাকাছি পৌঁছালে, আগে থেকে ওৎ পেতে থাকা সাবেক স্বামী উজ্জল মিয়া আকস্মিক তার মুখে এসিড নিক্ষেপ করে।
এসময় রুবিনার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে অভিযুক্ত উজ্জল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা বার্ণ ইনস্টিটিউটে প্রেরণ করা হয়।
হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল হক মুনশী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উজ্জলকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
