ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মামুন ব্রিকস ফিল্ডের মালিক পক্ষ অমর মিয়াকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মাটি ভর্তি ৫টি ট্র্যাক্টর জব্দ করা হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে নাসিরনগর ফিরোজিয়া হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন সিএনজি স্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরীন। এতে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
এ সময় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১১ ও ১২ ধারায় দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে অমর মিয়াকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি মাটি পরিবহনে ব্যবহৃত ৫টি ট্রাক্টর জব্দ করে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি জায়গাসহ বিভিন্ন এলাকায় কৃষি জমির মাটি কেটে একটি চক্র ইটভাটাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে। মাটিবাহী ট্রলি ও ট্রাক্টর চলাচলের কারণে কাঁচা ও পাকা সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ইউএনও শাহীনা নাছরীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কৃষি জমি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি কাটা শুধু কৃষির ক্ষতিই করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি সৃষ্টি করে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
