কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পুরাতন ও ঝুঁকিপূর্ণ দেওয়াল ধসে আরাবি (১১) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (১০ মে) সকালে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরাবি কটিয়াদী পৌর এলাকার পূর্বপাড়া ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনার মিয়ার ছেলে। সে স্থানীয় নুরুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৯ মে) সন্ধ্যায় নিজ এলাকার একটি বাসার আমগাছ থেকে বন্ধুদের সঙ্গে আম পাড়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এ সময় আরাবি গাছের নিচে দাঁড়িয়ে ছিল। তার এক বন্ধু পাশের একটি পুরাতন ও ঝুঁকিপূর্ণ দেওয়ালে ওঠার চেষ্টা করলে হঠাৎ দেওয়ালের একটি বড় অংশ ভেঙে নিচে পড়ে যায়। এতে দেওয়ালের ভারী অংশ আরাবির শরীরে আঘাত করলে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকার পিজি হাসপাতালে পাঠানো হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচা মালয়েশিয়া প্রবাসী মনিরুজ্জামান মনির। তিনি বলেন, “আম পাড়াকে কেন্দ্র করে এমন একটি দুর্ঘটনা আমাদের পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। আমরা এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।”
এদিকে, আরাবির অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয় সচেতন মহল পুরাতন ও ঝুঁকিপূর্ণ স্থাপনা দ্রুত অপসারণ কিংবা সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের হৃদয়বিদারক দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
