কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা-তে এক অভিনব ঘটনার জন্ম দিয়েছে একটি বিয়ের আসর। বিয়ের মাত্র দুই ঘণ্টার মাথায় স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (রাত) উপজেলার আচমিতা ইউনিয়নের গনেরগাঁও গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা মো. মেনু মিয়ার মেয়ে বন্যা আক্তারের সঙ্গে পাকুন্দিয়া উপজেলা-র কলাদিয়া গ্রামের সৌদি প্রবাসী মো. হৃদয় মিয়ার বিয়ে পারিবারিকভাবে সম্পন্ন হয়। ৬ লাখ টাকা দেনমোহরে কাবিননামা সম্পন্ন হওয়ার পর বরযাত্রীদের আপ্যায়নও শেষ হয়।
বিয়ের কিছুক্ষণ পরই মাসুদ নামের এক যুবক মোটরসাইকেলে এসে উপস্থিত হয়ে দাবি করেন, বন্যার সঙ্গে তার দীর্ঘ দুই বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। তিনি মোবাইল ফোনে তাদের একসঙ্গে তোলা ছবিও দেখান।
এ সময় কনের পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এতে মাসুদ অচেতন হয়ে পড়েন। পরে তাকে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসা শেষে তিনি জ্ঞান ফিরে পান।
ঘটনার পর নববধূ বন্যা আক্তার জানান, তিনি তার প্রেমিক মাসুদের সঙ্গেই সংসার করতে চান। বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে আলোচনা হয় এবং প্রবাসী স্বামী হৃদয় মিয়ার সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তালাক সম্পন্ন হয়।
পরবর্তীতে রাত সাড়ে ৩টার দিকে বন্যা আক্তারের সঙ্গে মাসুদ মিয়ার (২৪) পুনরায় বিয়ে সম্পন্ন হয়, যেখানে দেনমোহর নির্ধারণ করা হয় ৪ লাখ টাকা।
বন্যা আক্তার বলেন, “মাসুদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। পরিবারের চাপে পড়ে আমি প্রবাসী ছেলেকে বিয়ে করতে সম্মতি দিয়েছিলাম।”
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
