
রাজধানীতে চালের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। সোমবার রাজধানীর বিভিন্ন বাজারে মোটা চালের মধ্যে ব্রি-২৮ বিক্রি হয়েছে ৫৫ টাকা কেজি দরে। আর চিকন চালের মধ্যে নাজিরশাইল বিক্রি হয়েছে ৮৫ টাকা কেজিতে। প্রকাশিত খবর থেকে জানা যায়, চার দিনের ব্যবধানে চালের দাম পাইকারিতে দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে।
বাজারে এভাবে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির পেছনে কিছু যৌক্তিক কারণ যেমন আছে, তেমনি সিন্ডিকেটবাজি, মজুদদারিসহ নানা অসদুপায় অবলম্বনের অভিযোগও আছে। অন্যদিকে সরকারিভাবে বাজারে হস্তক্ষেপ করার কিংবা দাম নিয়ন্ত্রণে গৃহীত ব্যবস্থার দুর্বলতাও রয়েছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সক্ষমতা প্রশ্নবিদ্ধ। ট্রাক সেল বা ওপেন মার্কেট সেল বাজারে প্রভাব ফেলতে পারছে না। কার্ডের মাধ্যমে চাল বিক্রির উদ্যোগটি প্রশংসনীয়, কিন্তু বাজারে প্রভাব রাখতে হলে এর আওতা আরো বাড়াতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা আশা করছি, বাজার সহনীয় রাখতে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হবে।