শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বগুড়াকে দেশের অন্যতম শিক্ষানগরী ও এডুকেশনাল হাব হিসেবে গড়ে তোলা হবে। আমরা বগুড়াকে শিক্ষা ক্ষেত্রে একটি মডেল জেলায় পরিণত করব। এই অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠবে আধুনিক শিক্ষা ব্যবস্থা।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উথলী উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার দুপুরে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এএসএম আমানুল্লাহ, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক কৃষিবিদ আব্দুল মজিদ এবং জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সঠিকভাবে পাঠদান নিশ্চিত করতে হবে এবং এক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, তাদের মর্যাদা ও প্রণোদনা বাড়াতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কথার চেয়ে কাজে বিশ্বাসী, তিনি যা বলেন, তা বাস্তবায়ন করেন। আজ কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়ার মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতির আরেকটি প্রমাণ মিলেছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, কৃষকদের এই কার্ড দিয়ে প্রধানমন্ত্রী নতুন হালখাতা খুললেন। কৃষকদের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। কৃষক কার্ডের মাধ্যমে প্রণোদনা, ভর্তুকি ও প্রয়োজনীয় সহায়তা সহজেই তাদের কাছে পৌঁছে যাবে। যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব। একইসঙ্গে প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস হল নির্মাণ করা হবে। যেখানে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকবে।
এই অনুষ্ঠানে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রাক-পাইলটিং পর্যায়ে তিন হাজার ১৪৭ জন কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়। এছাড়া মন্ত্রী উথলী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এদিকে বগুড়ার শিবগঞ্জের উথলী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির প্রি-পাইলটিং কার্যক্রম উদ্বোধন উপলক্ষে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়।
নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) সহকারী পরিচালক রবিউল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছেন।
