ভারতের ছোট পর্দা থেকে বলিউড- দুই জগতেই পরিচিত মুখ মৌনী রায়। সম্প্রতি দাম্পত্য জীবন ঘিরে নতুন করে চর্চায় উঠে এসেছেন তিনি। গেল কয়েরদিন হল স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে তার সম্পর্ক ভাঙনের গুঞ্জন এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বিষয়।
ভারতের একাধিক গণমাধ্যমে দাবি করা হয়েছে, বেশ কিছুদিন ধরে নাকি আলাদা থাকছেন মৌনী রায় ও সুরজ নাম্বিয়ার। এমনকী, সুরজের বিরুদ্ধে অভিযোগ উঠেছে—তিনি নাকি মৌনিকে ‘খ্যাতির জন্য ব্যবহার’ করেছেন এবং আর্থিক সুবিধাও নিয়েছেন।
কিছুদিন আগে ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন এই দম্পতি। শুধু তাই নয়, মৌনী রায়ের প্রোফাইল থেকে উধাও হয়ে গেছে সুরজের সঙ্গে প্রায় সব ছবি। এমনকী বিয়ের ছবিও নেই। অন্যদিকে, সুরজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও নাকি ডিলিট বা নিষ্ক্রিয় করা হয়েছে। এই ঘটনাগুলো সম্পর্ক ভাঙনের জল্পনাকে আরও উসকে দিয়েছে।
২০১৯ সালের নিউ ইয়ার্স ইভে দুবাইয়ে প্রথম আলাপ। তারপর প্রায় তিন বছর সম্পর্কে থাকার পর ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ায় ধুমধাম করে বিয়ে করেন তাঁরা। বাঙালি ও মালয়ালি রীতিতে সম্পন্ন হয়েছিল সেই বিয়ে।
মৌনী রায় ‘নাগিন’, ‘দেবো কে দেব মহাদেব’, ‘কস্তুরি’-র মতো ধারাবাহিক দিয়ে দর্শকদের মন জয় করেছেন। পাশাপাশি ‘ব্রহ্মাস্ত্র’, ‘গোল্ড’, ‘মেড ইন চায়না’র মতো ছবিতেও দেখা গেছে তাঁকে। অন্যদিকে সুরজ নাম্বিয়ার পেশায় ব্যবসায়ী ও ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার।
তবে একথা ঠিক, সোশ্যাল মিডিয়ার ছোট ছোট পরিবর্তনই এবার বড় প্রশ্ন তুলে দিয়েছে—আসলে কী ঘটছে এই তারকা দম্পতির জীবনে? এখন সবার নজর তাঁদেরই পরবর্তী পদক্ষেপের দিকে।
