পশ্চিমবঙ্গের অভিনেতা ও নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায় আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে সরাসরি সক্রিয় হয়েছেন। যদিও তিনি নিজে প্রার্থী হচ্ছেন না, তবে শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
দ্বিতীয় দফার ভোটের আগে নদীয়ার কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাসের সমর্থনে আয়োজিত এক জনসভায় তিনি অংশ নেন। চক দিগনগর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ওই সভায় তার সঙ্গে ছিলেন অভিনেত্রী ও সাংসদ জুন মালিয়া।
জনপ্রিয় দুই তারকাকে দেখতে জনসভায় ব্যাপক ভিড় দেখা যায়। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে পরমব্রত জানান, এবারের নির্বাচনী প্রচারে অংশ নেওয়াই তার রাজনৈতিক কর্মকাণ্ডের আনুষ্ঠানিক সূচনা।
তিনি বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং আত্মপরিচয় ও আত্মমর্যাদা রক্ষার লড়াই। পাশাপাশি নারী নিরাপত্তা নিয়ে রাজ্যকে ছোট করার প্রচেষ্টার বিরুদ্ধেও তিনি কথা বলেন।
পরমব্রত আরও জানান, ব্যক্তিগত ব্যস্ততা সত্ত্বেও রাজ্যের স্বার্থে তিনি প্রচারে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভোটার তালিকা সংক্রান্ত সাম্প্রতিক বিতর্ক নিয়েও মন্তব্য করে তিনি বৈধ ভোটারদের হয়রানি বা নাম বাদ পড়ার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেন এবং গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।
