নাসিম রুমি: এবার ফিল্মি দুনিয়ার অন্দর থেকে ফাঁস হওয়া আমন্ত্রণপত্রে সব ধোঁয়াশা মিটল। জল্পনা সত্যি করে আগামী ২৬ ফেব্রুয়ারিই উদয়পুরে রাজকীয় অনুষ্ঠানে বিয়ে করতে চলেছেন চলেছেন দক্ষিণী তারকা জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) হবু তারকাদম্পতিকে মুম্বাই বিমানবন্দরে রং মিলান্তি পোশাকে দেখা যায়।
কানাঘুষা চলছে তারা নাকি চুপিসারে উদয়পুরে পাড়ি দিয়েছেন, শেষমুহূর্তের প্রস্তুতি দেখার জন্য। এমন আবহেই চর্চায় তাদের বিয়ের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র। সেখানে উল্লেখ, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি ঘনিষ্ঠবৃত্তে আমি এবং রাশমিকা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছি। আমাদের জীবনের এই বিশেষ মুহূর্তে আপনাদের উপস্থিতি কাম্য। যে বা যারা আমাদের প্রেমের সাক্ষী, তাদের উপস্থিতিতে আমাদের বিয়ের অনুষ্ঠান সত্যিই অর্থবহ হয়ে উঠবে। নবদম্পতি হিসেবে আমাদের নতুন জার্নি শুরু করার প্রাক্কালে আপনাদের আশীর্বাদ কামনা করছি।
ওই আমন্ত্রণপত্রে রিসেপশনের তারিখও জ্বলজ্বল করছে। উভয়পক্ষের পরিবার, আত্মীয়-স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে গাঁটছড়া বাঁধলেও রিসেপশনের অনুষ্ঠানে এলাহি আয়োজন রাখতে চলেছেন বিজয়-রাশমিকা। জানা গেছে, আগামী ৪ মার্চ হায়দরাবাদে তারকাখচিত হাইভোল্টেজ রিসেপশনের অনুষ্ঠান রয়েছে। যেখানে বলিউডের পাশাপাশি দক্ষিণী তারকারাও আমন্ত্রিত। এছাড়াও শোনা যাচ্ছে. রিসেপশনে উপস্থিত থাকতে পারেন আল্লু অর্জুন, রামচরণ, রাজামৌলি, প্রভাসদের পাশাপাশি হিন্দি সিনেদুনিয়ার খান-কাপুর, বচ্চনরাও।
