নাসিম রুমি: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আলীরাজ। থিয়েটার দিয়ে অভিনয় শুরু করে পরে নায়করাজ রাজ্জাকের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন তিনি। নায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে চরিত্রাভিনেতা হিসেবেই বেশি দেখা যায় তাকে।
সম্প্রতি ঈদে মুক্তিপ্রাপ্ত রাক্ষস সিনেমায় অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেতা। সিয়াম আহমেদের পাশাপাশি নিজের শক্তিশালী অভিনয় দিয়ে দর্শকের নজর কাড়েন তিনি। এই সিনেমাকেই নিজের জীবনের নতুন সূচনা হিসেবে দেখছেন আলীরাজ।
আলীরাজ বলেন, ‘আগের সিনেমার মসলা এক ছিল কিন্তু এখনকার মসলা অন্যরকম। বলতে গেলে আগের থেকে এখন পরিচালকরা অনেকটা ভালো মসলা দিয়ে সিনেমা বানাচ্ছেন। বিশেষ করে নতুন প্রজন্মের নির্মাতারা যেসব সিনেমা বানাচ্ছেন- এক কথায় বলতে গেলে, ‘মাথা নষ্ট।’
ইন্ডাস্ট্রিতে শিল্পীরা সিনিয়র হয়ে গেলে তারা নিয়ে আর ভাবা হয় না। ফলে কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে ঘরমুখো হন তারা। সিনিয়র শিল্পীদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রিতে অনেক সময় অভিজ্ঞ শিল্পীদের গুরুত্ব কম দেওয়া হয়। আমি সিনিয়র হলেও এখনো কাজ করে যাচ্ছি। বলতে গেলে, ঈদে ‘রাক্ষস’ সিনেমায় অভিনয় করে মনে হয়েছে আবার অভিনয়জীবন শুরু করলাম।’
খানিকটা মজার ছলে এই অভিনেতা বলেন, ‘আমার বয়স তো কমছে। মনে হয়েছে আমি বর্তমান প্রজন্মের সমবয়সী। এখন নিজেকে বর্তমান প্রজন্মের সঙ্গেই সমানতালে চলতে পারছি। এটাই অনেক বড় পাওয়া। সামনে আরও অনেক কাজ করতে চাই।’
নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের কাজ নিয়ে আলীরাজ জানান, ‘বরবাদ’–এর পর ‘রাক্ষস’ আরও ভালো হয়েছে এবং সামনে আসছে ‘বিদায়’, যা আরও উন্নত হবে বলে তার বিশ্বাস। এমন নির্মাতাদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া নিজের জন্য বড় প্রাপ্তি বলেও উল্লেখ করেন তিনি।
সবশেষে ঢালিউড ইন্ডাস্ট্রির প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রি ছোট। তবে সবাই যদি একসঙ্গে কাজ করি, তাহলে এটাকে বড় হতে সময় লাগবে না।’
