মুক্তির আগেই বড় ধাক্কা খেল তামিল তারকা থালাপতি বিজয়ের বহুল আলোচিত সিনেমা ‘জন নায়গন’। কয়েক দিন আগে ছবিটির কিছু দৃশ্য ও গানের অংশ অনলাইনে ফাঁস হওয়ার পর এবার পুরো সিনেমার এইচডি সংস্করণ ছড়িয়ে পড়েছে বিভিন্ন পাইরেসি সাইটে।
প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি রুপি বাজেটের এই চলচ্চিত্র শুরু থেকেই ছিল আলোচনার কেন্দ্রে। বিশেষ করে রাজনীতিতে পূর্ণকালীনভাবে যুক্ত হওয়ার আগে এটিই বিজয়ের শেষ সিনেমা হতে পারে, এমন গুঞ্জন ছবিটিকে ঘিরে আগ্রহ আরও বাড়িয়ে দেয়। তবে সেই প্রত্যাশার মাঝেই হঠাৎ করে ফাঁসের ঘটনায় বিপাকে পড়েছেন নির্মাতারা।
গত বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমে প্রায় পাঁচ মিনিটের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। এতে ছবির গুরুত্বপূর্ণ অংশ, পরিচয় দৃশ্য এবং ক্লাইম্যাক্সের ঝলকও ছিল বলে জানা যায়। দ্রুত সেই ভিডিও সরানোর চেষ্টা করা হলেও অল্প সময়ের মধ্যেই পুরো সিনেমাটি এইচডি প্রিন্টে অনলাইনে ছড়িয়ে পড়ে।
এই ফাঁসের উৎস এখনো শনাক্ত করা যায়নি, যা নির্মাতা ও সংশ্লিষ্টদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এত বড় বাজেটের ছবিতে নিরাপত্তা নিয়ে প্রশ্নও উঠছে।
ছবিটির পরিচালক এইচ বিনোথ সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় বলেন, প্রতিটি দৃশ্যের পেছনে অসংখ্য মানুষের স্বপ্ন ও পরিশ্রম জড়িয়ে থাকে, মুক্তির আগে এমন ঘটনা অত্যন্ত কষ্টদায়ক। তিনি দর্শকদের প্রতি অনুরোধ জানান, কেউ যেন ফাঁস হওয়া কনটেন্ট শেয়ার না করেন।
এদিকে ছবিটি সেন্সর জটিলতাতেও রয়েছে। ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র প্রত্যয়ন বোর্ডের ছাড়পত্র পেতে দেরি হওয়ায় মুক্তি আগেই অনিশ্চয়তায় ছিল। কিছু দৃশ্য নিয়ে আপত্তি ওঠায় নির্মাতাদের একাধিকবার সংশোধন করতে হয়েছে।
