শিল্পপতিকে বিয়ে ও অভিনয় ছাড়ার গুঞ্জন, মুখ খুললেন তৃষা

- Advertisements -

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান গত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছেন। বিশেষ করে চেন্নাইয়ের একটি বিয়ের অনুষ্ঠানে অভিনেতা ও রাজনৈতিক দল ‘টিভিকে’-র প্রতিষ্ঠাতা থালাপতি বিজয়ের সঙ্গে তার উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।

বিজয়ের স্ত্রী সংগীতা সোর্নালিঙ্গম বিবাহবিচ্ছেদের আবেদন করার ঠিক কয়েক দিন পরেই তৃষা ও বিজয়ের এই প্রকাশ্য উপস্থিতি জল্পনাকে যেন আরও উসকে দেয়।

এরই মধ্যে বেশ কিছু সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছিল যে, তৃষা সিনেমা জগৎ থেকে অবসর নিচ্ছেন এবং নতুন কোনো প্রজেক্টে আর যুক্ত হচ্ছেন না। মঙ্গলবার (৭ এপ্রিল) ইনস্টাগ্রাম স্টোরিতে এই জল্পনা নিয়ে মুখ খুলেছেন ‘নাইন্টিসিক্স’ খ্যাত এ অভিনেত্রী।

গুঞ্জন প্রসঙ্গে রসিকতা করে তৃষা লেখেন, ‘শুনলাম আমি নাকি অভিনয় ছেড়ে দিয়েছি, এক ধনী ব্যবসায়ীকে বিয়ে করেছি এবং আমার চারটি সন্তান আছে যাদের বয়স কাল দুই বছর হলো! আর কিছু যোগ করার বাকি আছে, নাকি আজকের মতো মিথ্যার কোটা পূর্ণ হয়েছে?’

উল্লেখ্য, চেন্নাইয়ের সেই বিয়ের অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই বিজয় ও তৃষাকে নিয়ে প্রেমের গুঞ্জন তীব্র হয়। আসন্ন তামিলনাড়ু নির্বাচনের আগে এক সমাবেশে বিজয় পরোক্ষভাবে এই বিবাহবিচ্ছেদ ও প্রতারণার গুঞ্জন নিয়ে কথাও বলেন। অন্যদিকে বর্ষীয়ান অভিনেতা পার্থিবন যখন নাম উল্লেখ না করে কিছুদিন আগে এই ইস্যুটি নিয়ে মন্তব্য করেছিলেন, তখন তৃষাও পাল্টা জবাব দিতে ছাড়েননি।

এদিকে সম্প্রতি এই অভিনেত্রী ভালোবাসা, মানসিক শান্তি এবং আত্মসম্মান নিয়ে বেশ কিছু রহস্যময় পোস্ট শেয়ার করেছেন। এমনই এক পোস্টে তিনি শান্তির গুরুত্ব বোঝাতে গিয়ে লেখেন, ‘আমি জীবনের এমন এক পর্যায়ে আছি যেখানে আর তর্ক করি না। কেউ যদি বলে হাতি উড়তে পারে, আমি বলি আপনি ঠিক। আমি একমত বলে নয়, বরং তর্ক করার মতো শক্তি আমার নেই। শান্তির মূল্য জেতার চেয়ে অনেক বেশি।’

অন্য একটি পোস্টে তিনি ভালোবাসার গুরুত্ব স্বীকার করে এক শব্দে উত্তর দিয়েছেন— ‘সত্য’।

প্রসঙ্গত, তামিল ইন্ডাস্ট্রির অন্যতম সফল জুটি বিজয় ও তৃষা। রুপালি পর্দার এই জুটি ‘গিল্লি’, ‘থিরুপাচি’, ‘আথি’ এবং ব্লকবাস্টার সিনেমা ‘লিও’তে একসঙ্গে কাজ করেছেন। বর্তমানে তৃষা তার পরবর্তী বিগ প্রজেক্ট ‘করুপ্পু’ সিনেমার মুক্তির অপেক্ষায় আছেন। সিনেমাটি চলতি বছরের ১৪ মে প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/sk4w
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন