আজ ফেরদৌসি রহমানের জন্মদিন

- Advertisements -

নাসিম রুমি: কিংবদন্তি কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমানের ৮৪তম জন্মদিন আজ। ১৯৪১ সালের ২৮ জুন পশ্চিমবঙ্গের কুচবিহারে জন্মগ্রহণ করেন এই শিল্পী। জন্ম থেকেই গানের সঙ্গে সখ্য তার। গানে হাতেখড়ি হয় বাবা প্রখ্যাত পল্লীগীতি সম্রাট আব্বাসউদ্দিনের কাছেই। পরে ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, ইউসুফ খান কোরেইশী, কাদের জামেরী, গুল মোহাম্মদ খান প্রমুখ সংগীতজ্ঞের কাছে তালিম নিয়েছেন। খুব অল্প বয়স থেকে তার স্টেজ পারফরম্যান্স শুরু হয়।

মাত্র ৮ বছর বয়সে ১৯৪৮ সালে রেডিওতে ‘খেলাঘর’ নামের অনুষ্ঠানে অংশ নেন। তখন তিনি রবীন্দ্রসংগীত গাইতেন। ১৯৫৬ সালে তিনি প্রথম বড়দের অনুষ্ঠানে গান করেন। বিয়ের পরই ফেরদৌসী বেগম থেকে তিনি হলেন ফেরদৌসী রহমান। ১৯৬৬ সালের ২৬ অক্টোবর তিনি পারিবারিকভাবে বিয়ে করেন রেজাউর রহমানকে। তিনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। দুই ছেলে রুবাইয়াত ও রাজিন। সময় পেলে তিনি বিদেশে ছেলেদের কাছে বেড়াতে যান।

Advertisements

১৯৬০ সালে ‘আসিয়া’ চলচ্চিত্রে তিনি প্রথম প্লেব্যাক করেন। এই ছবি মুক্তির আগে অবশ্য মুক্তি পায় ‘এ দেশ তোমার আমার’ ছবিটি। এ ছবিতে তিনি গেয়েছিলেন- ‘চুপিসারে এত করে কামিনী ডাকে’। সৈয়দ শামসুল হকের কথায় ‘আয়না এবং অবশিষ্ট’ চলচ্চিত্রে গাইলেন ‘যার ছায়া পড়েছে, মনের আয়নাতে, সেকি তুমি নও ওগো তুমি নও’Ñ সত্যিই তাই। গানের কথার মতোই সংগীতাঙ্গনে ছায়া পড়েছে ফেরদৌসী রহমানের। এর পর একে একে উপহার দেন ‘সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই’, ‘যার ছায়া পড়েছে মনের আয়নাতে’, ‘আমি কার জন্য পথ চেয়ে রব’, ‘মনে যে লাগে এতো রঙ ও রঙিলা’, ‘নিশি জাগা চাঁদ হাসে কাঁদে আমার মন’, ‘আমি রূপনগরের রাজকন্যা রূপের যাদু এনেছি’, ‘এই সুন্দর পৃথিবীতে আমি এসেছিনু নিতে’, ‘এই রাত বলে ওগো তুমি আমার’, ‘বিধি বইসা বুঝি নিরালে’, ‘এই যে নিঝুম রাত ঐ যে মায়াবী চাঁদ’, ‘মনে হলো যেন এই নিশি লগনে’, ‘ঝরা বকুলের সাথী আমি সাথী হারা’, ‘আমার প্রাণের ব্যথা কে বুঝবে সই’, ‘যে জন প্রেমের ভাব জানে না’, ওকি গাড়িয়াল ভাই’, ‘পদ্মার ঢেউরে’ প্রমুখ জনপ্রিয় গান। ১৯৫৯ থেকে ১৯৭০ সাল পর্যন্ত ফেরদৌসী রহমান ছাড়া সিনেমার গান ছিল প্রায় অচল।

এ দেশের অনেক গুণী সুরকারের সুরে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন। আবদুল আহাদের সুর করা আধুনিক গান সবচেয়ে বেশি তিনিই গেয়েছেন। এ ছাড়া খন্দকার নুরুল আলম, আজাদ রহমান, জালাল আহমদ, আবদুল লতিফ, ওসমান খান, কানাইলাল শীল, আনোয়ারউদ্দিন আহমেদ, সমর দাস, সুবল দাস, অজিত রায় প্রমুখ খ্যাতনামা সুরকারের সুরে গেয়েছেন ফেরদৌসী রহমান।

Advertisements

১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনিই গান করেন। ‘ওই যে আকাশ নীল হলো আজ সে শুধু তোমার প্রেম’- গানটি ছিল বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম গান।
পারিবারিকভাবে ফেরদৌসী রহমানের জন্মদিন ঘটা করে পালন করা হয় না। তিনি জানালেন, আমার জন্মদিন বাবা একবারই খুব ঘটা করে পালন করেছিলেন ম্যাট্রিক পরীক্ষায় পাস করার পর। সে জন্মদিনে অনেক কবি, সাহিত্যিক, লেখকরা এসেছিলেন। এরপর আর উৎসব করে জন্মদিন পালন করিনি। তবু বাইরে অনুষ্ঠান থাকলে ভিন্ন কথা। এ ছাড়া অন্য দশ দিনের মতোই দিনটি আমার কেটে যায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2ejd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন