বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এখন পুরোপুরি ‘গার্ল ড্যাড’ মুডে। গত বছর কিয়ারা আদভানির সঙ্গে প্রথম সন্তানের বাবা হওয়ার পর থেকেই তার জীবনে এসেছে নতুন এক অধ্যায়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন সিদ্ধার্থ, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, সাদা টি-শার্ট পরা এই অভিনেতার চুলে লাগানো একটি ছোট্ট সাদা বো-ক্লিপ। ক্যাপশনে তিনি মজার ছলে লিখেছেন, ‘আমি যে একজন মেয়ের বাবা, সেটা না বলেও কীভাবে বলা যায় দেখুন।’
ছবিটি প্রকাশের পর ভক্তদের ভালোবাসায় ভরে গেছে কমেন্ট বক্স। অনেকেই তাকে ‘সার্টিফায়েড গার্ল ড্যাড’ বলছেন, আবার কেউ কেউ ভালোবেসে তাকে ডাকছেন ‘অফিশিয়াল পুকি মালহোত্রা’ নামে।
সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে বাবা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সিদ্ধার্থ বলেন, এখন তার পরিবারের আসল ‘সুপারস্টার’ তার ছোট্ট মেয়ে সারায়াহ্। নিজের ‘হিরো’ ইমেজ নিয়েও রসিকতা করেন তিনি।
তার ভাষায়, ‘আমি জীবনে এমন একজনের কাছে তর্কে হেরে গেছি, যে কি না এখনও কথা বলতেই শেখেনি! আমি বুঝে গিয়েছি, বাড়িতে এখন আর আমি হিরো নই। বাড়ির আসল হিরোইন তো আমার মেয়েই।’
