নেটফ্লিক্সের অন্যতম স্প্যানিশ সিরিজ ‘মানি হাইস্ট’ বা ‘লা কাসা দে পাপেল’। পাঁচটি সিজন প্রচারের পর ২০২১ সালে এর যাত্রা শেষ হয়ে গেলেও, এর অন্যতম জনপ্রিয় চরিত্র বার্লিনকে আবার ফিরিয়ে আনেন নির্মাতা অ্যালেক্স পিনা।
সম্প্রীতি স্ট্রিমিং জায়ান্টের সাম্প্রতিক টিজারটি ভক্তদের মনে এই প্রশ্ন জাগিয়েছে, এর ষষ্ঠ সিজন আসবে নাকি কোনো নতুন স্পিন-অফ তৈরি হবে।
জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির ধারাবাহিকতা ঘোষণা করতে নেটফ্লিক্স সম্প্রতি সেভিলে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে গুয়াদালকুইভির নদীতে একটি নৌকা শোভাযাত্রার আয়োজন করা হয়, যেখানে লাল জাম্পস্যুট ও ডালির মুখোশ পরা অভিনেতারা অংশ নেন। এছাড়াও ‘বেলা চাও’ গানটির একটি প্রাণবন্ত পরিবেশনা ছিল, যা সিরিজটির মূল সম্প্রচারের সময় এর সমার্থক হয়ে উঠেছিল।
অনুষ্ঠানে নেটফ্লিক্স একটি টিজার প্রদর্শন করে, যেখানে ‘মানি হাইস্ট’-এর কিছু আইকনিক মিশনের ঝলক দেখানো হয়, যেমন স্পেনের রয়্যাল মিন্ট এবং ব্যাংক অফ স্পেনের ডাকাতি। এর সঙ্গে কিছু নতুন অভিযানেরও ইঙ্গিত দেওয়া হয়।
সিজন ৬ নাকি স্পিন-অফ? যদিও এটা নিশ্চিত যে ‘মানি হাইস্ট’ ইউনিভার্সটি চলতে থাকবে, ভক্তরা ভাবছেন যে এটি মূল শো-টির ষষ্ঠ সিজন নাকি একটি সম্পূর্ণ নতুন স্পিন-অফ। সূত্রমতে, নেটফ্লিক্স এবং শো-রানাররা ভক্তদেরকে অনুমানে রাখার জন্য ইচ্ছাকৃতভাবে বিষয়টি অস্পষ্ট রেখেছেন।
সেভিলে নেটফ্লিক্স আরও জানিয়েছে, ‘বার্লিন’-এর সিজন ২’ চলতি বছরের ১৫ই মে মুক্তি পাবে। আসন্ন এই সিজনে নাম ভূমিকায় থাকা বার্লিন(পেদ্রো আলোনসো), কেইলা (মিশেল জেনার) এবং ড্যামিয়ান (ট্রিস্টান উল্লোয়া)-কে মালাগার ডিউকের মোকাবেলা করতে দেখা যাবে।
উল্লেখ্য, অ্যালেক্স পিনারের তৈরি ‘মানি হাইস্ট’ একটি স্প্যানিশ ভাষার হাইস্ট থ্রিলার সিরিজ। এতে সার্জিও মারকিনা দ্য প্রফেসর নামে একজন বুদ্ধিমান কিন্তু আনাড়ি লোককে দেখানো হয়েছে, যিনি ডাকাতি করার জন্য আটজন অপরাধীর একটি দলকে ভাড়া করেন।
এটি ‘বার্লিন’ নামক একটি প্রিক্যুয়েল স্পিনঅফকে অনুপ্রাণিত করেছিল, যা বার্লিন নামক এক চরিত্রকে কেন্দ্র করে নির্মিত, তিনি একজন চোর এবং সার্জিও মারকিনা দ্য প্রফেসরের ভাই। এটি ‘মানি হাইস্ট: কোরিয়া– জয়েন্ট ইকোনমিক এরিয়া’ নামক একটি আনুষ্ঠানিক কোরিয়ান রিমেককেও অনুপ্রাণিত করেছে।
