জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’র ভক্তদের জন্য থাকছে সুখবর। ঈদে আট পর্বের একটি পূর্ণাঙ্গ বিশেষ চ্যাপ্টার নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা কাজল আরেফিন অমি।
তিনি জানান, এখনও শুটিং শুরু হয়নি। তবে প্রস্তুতি চলছে জোরেশোরে। খুব শিগগিরই ক্যামেরা চালু হবে। ঈদের বিশেষ এই চ্যাপ্টারে থাকছে বড় একটি চমক এবং নতুন একটি এন্ট্রি।
তবে চমকটি কী- তা এখনই প্রকাশ করতে চান না নির্মাতা। তার ভাষায়, মুক্তির পরই দর্শক সেটি উপভোগ করবেন।
তিনি আরও জানান, এবারের বিশেষ পর্বের আলাদা কোনো নাম থাকছে না। পুরো একটি চ্যাপ্টারজুড়েই থাকবে ঈদের আবহ। পরিকল্পনা অনুযায়ী ঈদের দিনই এটি মুক্তি পাবে। এতে অভিনয়ও করবেন নাটকটির নিয়মিত শিল্পীরা।
ব্যস্ততা প্রসঙ্গে অমি বলেন, বর্তমানে তার পুরো সময়জুড়েই রয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’। সিরিজটির কাজ শেষ না করা পর্যন্ত অন্য কোনো প্রজেক্টে হাত দিচ্ছেন না তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ৬৫ থেকে ৭২ নম্বর পর্ব। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ একসঙ্গে দেখা যাচ্ছে পর্বগুলো। পাশাপাশি ইউটিউবেও প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার প্রচারিত হচ্ছে সিরিজটি।
কাজল আরেফিন অমির পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এ সিজনে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম ও তৌসিফ মাহবুব। নতুন করে যুক্ত হয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।
